ভর্তি পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সন্ধ্যাকালীন এমএড কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও উত্তীর্ণের তালিকায় এক প্রার্থীর ক্রমিক নম্বর এসেছে। ওই প্রার্থীই বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন।
গত মঙ্গলবার আইইআরের সন্ধ্যাকালীন কোর্সে ভর্তির ফল প্রকাশিত হয়। সেখানে ৪১তম ক্রমিক নম্বরটি ২৫৫৩। তবে এই ক্রমিক নম্বরধারী প্রার্থী পল্লবী বাড়ৈ জানিয়েছেন, গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিনি অংশ নেননি।
অভিযোগ উঠেছে, পল্লবী বাড়ৈয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁর আসনে বসে অন্য একজন প্রার্থী পরীক্ষা দিয়েছেন।
পল্লবী বাড়ৈ বলেন, অসুস্থতার কারণে তিনি পরীক্ষায় অংশ নেননি। কিন্তু ফল প্রকাশের পর কয়েকজন জানান, মনোনীত তালিকায় তাঁর ক্রমিক নম্বরও রয়েছে। তিনি পরীক্ষায় ৭৬ পেয়ে ৪১তম হয়েছেন। এটি ভুল হতে পারে কিংবা জালিয়াতিও হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। তিনি ঢাকা কলেজের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে এটি লেখার ভুল। তবে তৃতীয় কারও পরীক্ষায় অংশগ্রহণ একটি রহস্য। এটি খতিয়ে দেখা হবে।’