ভর্তি পরীক্ষায় এসএমএসে উত্তর, আটক ২
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে পাওয়া উত্তর লেখার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম দিন আজ রোববার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ইমরান হোসেন ও নাজমুল হাসান। ইমরানের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামে। নাজমুলের বাড়ি যশোরের কোতোয়ালি থানা এলাকায়। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বেলা দুইটা থেকে তিনটা ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বাইরে থেকে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে পাঠানো উত্তর দেখে উত্তরপত্র (ওএমআর শিট) পূরণ করায় ইমরান হোসেন ও নাজমুল হাসানকে আটক করা হয়।
এ ব্যাপারে এইচ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘মোবাইলে উত্তর দেখে লেখায় দুজনকে হাতেনাতে ধরে আমার কাছে আনা হয়। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।’
এর আগে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাল সোমবার চার পালায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।