ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস থেকে জালালাবাদ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এর আগে জালিয়াতি করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—এমন পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশাত ইমতিয়াজ ওরফে হৃদয় ও শাহজালালের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আল আমিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আগে থেকেই এ দুজনসহ ভর্তি জালিয়াত চক্রের সদস্যরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের এক সপ্তাহ ধরে নজরদারিতে রাখা হয়। ওই দুজনের সহায়তায় আরও পাঁচজন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির প্রস্তুতি নিচ্ছিলেন। ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ শনিবার বিকেলে হওয়ার কথা।

বেলা একটার দিকে জালালাবাদ থানায় বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসনে জালিয়াতির প্রক্রিয়া ও তাঁদের আটকের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, ক্যালকুলেটরে মুঠোফোন সিম ব্যবহার করে পরীক্ষার হলের বাইরে থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তর সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন ইশাত ও আল আমিন। বগুড়ার ‘গুগল’ নামে একটি কোচিং সেন্টারের মাধ্যমে এ জালিয়াতির প্রস্তুতি নেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের ওই দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া আটক করা পাঁচ পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভর্তি পরীক্ষায় অপরাধ দমনে তৎপর রয়েছে প্রশাসন।