ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছেন আট পরীক্ষার্থী। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ধরা পড়েছেন সাতজন।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে একজন ও বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ফোনে খুদে বার্তায় (এসএমএস) উত্তরপত্রসহ ওই সাত পরীক্ষার্থীকে আটক করা হয়।
এদিকে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আটক শিক্ষার্থীরা হলেন ইমাদুর রহমান, তালহা জুবায়ের, ইমরান খান, নুসরাত জাহান, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোরশেদ আলম রিয়াদ এবং ঢাকা সিটি কলেজ থেকে রাশেদুল ইসলাম৷
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সঙ্গে থাকায় হোসাইন আহমেদ, মানিক চন্দ্র ও নাজমুল হোসেন নামের তিনজনকে আটক করে প্রশাসন। তাঁদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটক শিক্ষার্থী নুসরাত জাহান সাংবাদিকদের জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পাঠান ছাত্রলীগের নেতা মেহেদী হাসান। এ জন্য পরীক্ষার আগেই মেহেদীকে টাকা দিতে হয়েছে৷ মেহেদী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী।
এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, জালিয়াতির সঙ্গে তাঁর সংগঠনের কোনো কর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, আটক হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের কাজ চলছে। কিন্তু প্রশ্নপত্রের সেট কোড না থাকায় উত্তরপত্র মেলাতে পারেনি জালিয়াতচক্র৷

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে অয়ন হাসান নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান, এই পরীক্ষার্থী অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।