ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও কৃষি অনুষদের পিএইচডি গবেষক অরুণ কান্তি রায়, বিজনেস স্টাডিজ লেভেল-৪ সেমিস্টার-১-এর ছাত্র ও ডরমেটরি-২ হল শাখা ছাত্রলীগ সভাপতি এস এম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের লেভেল-২ সেমিস্টার-১ বর্ষের ছাত্র অনিন্দ্য দত্ত। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ ছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অরুণ কান্তি রায় ও এস এম জাহিদকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির প্রতিবেদনে সুপারিশের আলোকে অভিযুক্ত তিনজন ছাত্রকে আত্মপক্ষ সমর্থনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়। পরে তাঁরা এর জবাব দেন। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক বিবেচিত না হওয়ায় কর্তৃপক্ষ ওই তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বহিষ্কারের সিদ্ধান্ত জানার পরপর বেলা একটার দিকে বহিষ্কৃত ছাত্ররা দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অরুণ কান্তি রায়। তিনি ওই বহিষ্কারাদেশ অবৈধ বলে দাবি করেন। একই সঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
এদিকে বহিষ্কারাদেশে পরপরই বিশ্ববিদ্যালয শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে ডি বক্সের সামনে মানববন্ধন করেন। তাঁরা মাইকে উপাচার্যসহ শিক্ষকদের নাম ধরে অশ্লীল গালাগাল করেন বলে জানা যায়।
এগিয়ে আনা হলো শীতকালীন ছুটি
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। বিকেল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকবে। আগামী ১২ থেকে ৩১ ডিসেম্বর এ ছুটি হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুসরণ করে ডিসিপ্লিনারি কমিটি দোষী ছাত্রদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের যে সুপারিশ করেছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্যরা তা অনুমোদন করেছেন। একই সঙ্গে তাঁরা যে প্রক্রিয়ায় তা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন, শৃঙ্খলা কমিটি কেবল তা পালন করেছে।