ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আজ বুধবার এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আখতারুল ইসলাম। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান প্রথম আলোকে জানান, আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে রবীন্দ্র কলাভবন থেকে আখতারুলকে আটক করা হয়। অরিন্দম কুমার বর্ধন নামের ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীর পক্ষে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। দায়িত্বরত পরিদর্শক বিষয়টি শনাক্ত করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ক্যাম্পাসে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরতুজা-উল-মুহিত পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাঁকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আখতারুলকে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।