ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষার সময় তাঁদের আটক করা হয়।
প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম পালার পরীক্ষা চলাকালে সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্র থেকে আসপার সাজিদ নামের একজনকে আটক করা হয়। এরপর তাঁকে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়। সাজিদ জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনীক ভূঁইয়া নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছেন। সাজিদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামাল হোসেনকে আটক করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষার্থী মো. ইকবাল হোসেন ও রোকনুজ্জামান রোকনকে আটক করা হয়। এরপর পাঁচজনকে প্রক্টরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানান, অনীক তাঁর বন্ধুর ছোট ভাই। অনীককে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার জন্য সাকিবের সঙ্গে তাঁর ৮০ হাজার টাকার চুক্তি হয়। ভর্তি হওয়ার পর এ টাকা দেওয়া হবে। পরীক্ষা দেওয়ার জন্য তাঁদের শুধু এক হাজার টাকা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, সাজিদ অনীকের হয়ে পরীক্ষা দেন। এ ঘটনা সাকিবও স্বীকার করেছেন।
আসপার সাজিদ বলেন, ‘সাকিব আমাকে বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রফিকুল ইসলাম নামের তাঁর এক বন্ধু আছে। তিনি ছাত্রলীগের নেতা। কোনো ঝামেলা হলে তিনি তা দেখবেন। তাঁর এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি “প্রক্সি” দিতে এসেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাকিব আমার কলেজের বন্ধু। কিন্তু আমি এ বিষয়ে কিছু জানি না।’ ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে প্রক্টরের কার্যালয়ে লিখিত দিয়েছেন বলেও জানান তিনি।