ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

প্রক্টরের কার্যালয় থেকে জানা গেছে, পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে পুরাতন কলাভবনের ২০২ নম্বর কক্ষ থেকে মো. কায়সার আহমেদ, গণিত বিভাগের ২০৩ নম্বর কক্ষ থেকে মো. রেজা-ই-রাব্বি, মার্জিয়া ও নূর মোহাম্মদকে আটক করা হয়।

পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ‘সেটকোড’ মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পাঠানোর সময় পরিদর্শকদের হাতে ধরা পড়েন কায়সার আহমেদ। পরে তাঁকে প্রক্টরের কার্যালয়ে সোপর্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কায়সার আহমেদ বলেন, ‘মুঠোফোনে খুদে বার্তায় প্রশ্নের উত্তর পাঠানোর শর্তে রাশেদ নামের একজনের সঙ্গে আমার দুই লাখ টাকার চুক্তি হয়। এ জন্য মুঠোফোনে প্রশ্নপত্রের ‘সেটকোড’ লিখে পাঠাচ্ছিলাম। কিন্তু কোনো উত্তর আসেনি।’ প্রক্টর তপন কুমার সাহা বলেন, কায়সারকে পুলিশে সোপর্দ করা হবে।

এদিকে পরীক্ষা চলাকালে উত্তরপত্র বিনিময় করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০৩ নম্বর কক্ষ থেকে মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়াকে আটক করা হয়। এ ছাড়া ভুয়া পরীক্ষার্থী সন্দেহে আটক করা হয় নূর মোহাম্মদকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন: অনিবার্য কারণে কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, কাল সোমবার কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস অপরিবর্তিত থাকবে।