ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি পাঁচ শিক্ষার্থী আটক
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গতকাল শুক্রবার ছয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মতো দেখতে বিশেষ কাজের জন্য তৈরি করা মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ভর্তির জন্য একটি জালিয়াত চক্রের সঙ্গে লাখ টাকায় চুক্তি করে তাদের পরিকল্পনামতোই জালিয়াতির ওই পথ বেছে নেয় বলে জানা গেছে।
যাঁদের আটক করা হয়, তাঁদের একজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এঁরা হলেন জাহিদ হাসান, ওমর ফারুক, রেবেকা সুলতানা, ইমদাদুল হক মিলন ও আকাশ মিস্ত্রি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে ২২ হাজার ১২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রতি আসনের বিপরীতে ৪৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ১০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়। মোহাম্মদপুরের কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা কমল বিশ্বাস নামের একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন শিক্ষকেরা।
জিজ্ঞাসাবাদে কমল বিশ্বাস কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দানকারী একটি জালিয়াত দলের প্রলোভনে পড়েছিলেন। ওই চক্রটি তাঁদের ১৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর প্রতিজনের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার শর্তে তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল সনদ নিজেদের কাছে জমা নিয়ে নেয়। এরপর গতকাল তাঁদের মাস্টারকার্ডের মতো দেখতে একটি মুঠোফোন ও ক্ষুদ্র হেডফোন দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। পরিকল্পনা ছিল, ওই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসাবাদে কমল ওই চক্রের দুটি মুঠোফোন নম্বর দেন শিক্ষকদের। তবে নম্বরগুলোতে যোগাযোগ করে তা বন্ধ পেয়েছেন শিক্ষকেরা।
ওই কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছেলেটির বাসা যশোরের ঝিকরগাছায়। সে অনেক কান্নাকাটি করছিল। গরিব কৃষকের ছেলে হওয়ায় তাকে আমরা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকেরা আলোচনা করে ছেড়ে দিই।’ অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আটক রেখে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় পাঁচজনকে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাঁদের বিরুদ্ধে তখন কোনো মামলা দেয়নি প্রশাসন।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনিকভাবে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেব।’