ভর্তি পরীক্ষায় নকল ১০ শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও এতে সহায়তার অভিযোগে ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খাদেমুল ইসলাম জানান, গতকাল শনিবার সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সন্তোষ ইবি হাইস্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থীর শরীর থেকে গুনগুন আওয়াজ পাওয়া যায়। এ সময় পরিদর্শকেরা তাঁর দেহ তল্লাশি করে কানের ভেতর থেকে অতি ক্ষুদ্র তারবিহীন একটি ডিভাইস পান। আল-রাজি নামক ওই পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শহরের কুমুদিনী কলেজ এলাকার একটি মেসে অভিযান চালিয়ে আরও নয়জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক শিক্ষার্থীদের বিকেলে পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, মেস থেকে আটক নয়জন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তরপত্র সমাধান করে দেওয়ার শর্তে এঁরা বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করে আসছিলেন। এ ছাড়া তাঁরা ভর্তি পরীক্ষার হলে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার্থীদের বাইরে থেকে উত্তর বলে দিতেন।