সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল প্রতারণার ঘটনা ঘটেছে। ঢাকার ফার্মগেটে এডুজবসবিডি নামে একটি প্রতিষ্ঠান এ প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার শিকার জিহাদুর রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবেদন করতে চাইলে একদিন এডুজবসবিডি নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চোখে পড়ে। সেখানে সহজেই ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় বলে উল্লেখ ছিল। জটিলতা এড়ানোর জন্য গত ১০ অক্টোবর তিনি ওই প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফি ৮৫০ টাকা ও প্রতিষ্ঠান থেকে সাহায্য নেওয়ার জন্য ১০০ টাকা দেন। পরের দিন ১৬২২২ নম্বর থেকে তাঁর মুঠোফোনে ইংরেজিতে একটি খুদেবার্তা (এসএমএস) আসে। যেখানে বলা হয়, তিনি প্রকৌশল, ভৌতবিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বি-৪ ইউনিটের জন্য নিবন্ধিত হয়েছেন। কিন্তু গতকাল শনিবার পরীক্ষা দিতে এসে তিনি দেখেন, তাঁর রোল নম্বর শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নেই। এরপর তিনি ভর্তি পরীক্ষার কারিগরি কমিটির কাছে যান। তারা জানায়, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
প্রতিষ্ঠানটি জিহাদুরকে একটি অর্থ পরিশোধের রসিদ দিয়েছিল। রসিদে দেওয়া মুঠোফোন নম্বরে গতকাল অনেকবার ফোন দেওয়ার পরও সেটি বন্ধ পাওয়া যায়।
ভর্তি পরীক্ষার কারিগরি উপকমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান শহীদুর রহমান বলেন, শনিবার বিকেল পর্যন্ত জিহাদুরের ঘটনার মতো পাঁচটি অভিযোগ তাঁরা পেয়েছেন। হ্যাকিংয়ের মাধ্যমে এ ধরনের এসএমএস পাঠানো সম্ভব। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষা কমিটির কিছুই করার নেই। তাদের পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষা দেবে, তারা যেন নিজেই মুঠোফোনে আবেদন করে।
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও সমাবেশ: ভর্তি পরীক্ষার দিন গতকাল প্রক্টরিয়াল বডির নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও সমাবেশ করেছে ছাত্র সংগঠনগুলো। দুপুরে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মজলিস, তালামীযে ইসলামীয়া ও জাতীয় ছাত্রদল মিছিল ও সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর প্রথম মিছিল বের করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, সংগঠনগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।