ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দুজন গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর রমনা থানা এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. জাহিদ হাসান ও এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম। এঁদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মুঠোফোন, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ডের প্রিন্ট এবং ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। দুজন জানিয়েছেন, তাঁরা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বরে নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায় এ অভিযান চলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশ যাঁদের গ্রেপ্তার করছে, তাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন।