ভর্তি পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ফল প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রভাতি (সকাল) শাখায় ৩৭৬ জন ও দিবা শাখায় ৩৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ওই রাতেই দুই শাখায় ৬০ জন করে ১২০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু পরদিন ওই তালিকা পরিবর্তন করে আরেকটি নতুন তালিকা প্রকাশ করা হয়। এতে আগের তালিকা থেকে ২৪ জন পরীক্ষার্থী বাদ পড়ে যায়। এতে বাদ পড়া ২৪ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, ভুলক্রমে ওই তালিকায় সরকারি কোটার ১২ করে ২৪ জন বাদ পড়ে গিয়েছিল। ওই ২৪ জনকে অন্তর্ভুক্ত করতে গিয়ে ওই তালিকা থেকে ২৪ জন বাদ পড়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। শুধু কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।