ভর্তি পরীক্ষার ভাতা বণ্টনে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষকদের ভাতা বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষকের অভিযোগ, সংশ্লিষ্ট কমিটি ভাতা বণ্টনের ক্ষেত্রে শিক্ষকদের পদপদবি ও জ্যেষ্ঠতা কিছুই আমলে নেননি। যেসব শিক্ষক উপাচার্যের সঙ্গে অধিক সখ্য রাখেন, তাঁদের ভাতা দেওয়া হয়েছে বেশি, আর যাঁদের সঙ্গে সখ্য নেই, তাঁদের দেওয়া হয়েছে কম।
ভাতা বণ্টনের তালিকা অনুযায়ী, ভর্তি কমিটির সভাপতি উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীকে দেওয়া হয়েছে এক লাখ টাকা, আর সদস্যসচিব রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হককে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা। আর বিজ্ঞান অনুষদের ডিন (কমিটির সদস্য) মো. আবুল হোসেনকে দেওয়া হয়েছে ৯০ হাজার টাকা। অপরদিকে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেনকে দেওয়া হয়েছে ৮০ হাজার টাকা, একই বিভাগের ও পদের মুহাম্মদ শরিফুল ইসলামকে দেওয়া হয়েছে ২৮ হাজার টাকা। সহকারী অধ্যাপক পদের একজন শিক্ষককে দেওয়া হয়েছে ৭৯ হাজার ৫০০ টাকা। সমপদের অন্য শিক্ষককে দেওয়া হয়েছে ৩৪ হাজার টাকা। এ ছাড়া প্রভাষক পদের একজনকে সর্বোচ্চ ৫৪ হাজার ৫০০ টাকা এবং অন্যদের সর্বনিম্ন ২৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আর বণ্টন কমিটির আহ্বায়ক প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নিয়েছেন ৭৫ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ভাতার অর্থ বণ্টনের ক্ষেত্রে পদপদবি, জ্যেষ্ঠতা ও কাজের কোনো মূল্যায়ন করা হয়নি। মানদণ্ড ছিল কারা উপাচার্যের এবং তাঁর অনুসারীদের কাছের ও আজ্ঞাবহ।
রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, অন্যান্য বছর এ-সংক্রান্ত কমিটি তালিকা তৈরি করে তাঁর দপ্তরে জমা দিত। এবার তা না করে সরাসরি উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তাই তাঁর বরাদ্দকৃত ভাতা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ভাতা বণ্টন কমিটির আহ্বায়ক প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘কাগজপত্রে রেজিস্ট্রার সদস্যসচিব হলেও পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে অন্যান্য অনেক কাজই করেছেন ডিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা। তাই রেজিস্ট্রারের কাজ হিসেবে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।’ শিক্ষকদের ক্ষেত্রে পদপদবি ও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাতা বণ্টনের ক্ষেত্রে এসব বিচার করা হয়নি। কে কী দায়িত্ব পালন করেছেন, কয়টি কমিটিতে ছিলেন এবং কয়টি প্রশ্নপত্র প্রণয়ন করেছেন, এসব বিবেচনায় নেওয়া হয়েছে।’
উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ভর্তি পরীক্ষার ভাতা বণ্টনের জন্য কমিটি আছে। কমিটির সদস্যরা প্রত্যেকের কাজের ওপর ভিত্তি করে ভাতা নির্ধারণ করেন। এসব বিষয়ে অহেতুক তাঁর নাম জড়ানো হয়।