জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ওই পরীক্ষার্থীকে পিটিয়েছেন বলে স্বীকার করেছেন ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা উপতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী সোহাগ আলী নামের ওই পরীক্ষার্থীকে মারধর করেন। মারধরে অংশ নেওয়া ছাত্রলীগের কর্মীরা অধিকাংশই মীর মশাররফ হোসেন হলের ছাত্র। এ ঘটনায় ওই পরীক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ওই পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শেষে প্রধান ফটকের একটি চায়ের দোকানে গেলে এক ছাত্রী তাঁর দিকে তাকিয়ে হাসলে তিনিও প্রত্যুত্তরে হাসেন। এই তুচ্ছ কারণে কয়েকজন ছাত্র তাঁকে রড ও লাঠি দিয়ে মারধর করেন।
এ বিষয়ে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবদুর রহিম বলেন, ‘আমাদের এক সহপাঠীকে উত্ত্যক্ত করায় আমরা ওকে পিটুনি দিয়েছি।’