ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবার ডিজিটাল জালিয়াতির ঘটনায় গতকাল সোমবার ছয় পরীক্ষার্থী ও এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও পরীক্ষার হলে নিজের কাছে মুঠোফোন রাখায় ৩৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ডিজিটাল জালিয়াতির ঘটনায় আটক ছয় শিক্ষার্থী মুঠোফোনের বার্তা (এসএমএস) দেখে ও ব্লুটুথ (তারহীন) হেডফোনের মাধ্যমে শুনে উত্তরপত্র পূরণ করছিলেন।
গতকাল ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন। এর আগে গত রোববার ভর্তি পরীক্ষার প্রথম দিন ডিজিটাল জালিয়াতির ঘটনায় আটক দুই শিক্ষার্থীকে পুলিশের মাধ্যমে কুষ্টিয়ার আদালতে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার পালায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। মুঠোফোনের এসএমএস দেখে উত্তরপত্র পূরণের অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী আতিকুর রহমান আতিক, শহীদুল ইসলাম, আসমা খাতুন, স্বর্ণা সাহা, এম সাম্মান জীমকে আটক করা হয়। আর ব্লুটুথ সংযুক্ত হেডফোন ব্যবহার করে শুনে উত্তরপত্র পূরণের অভিযোগে পলি খাতুনকে আটক করা হয়। চতুর্থ পালার পরীক্ষা চলাকালে ব্যবসায় প্রশাসন ভবন থেকে হাবিবুর রহমান নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত ম লোকমান হাকিম বলেন, ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।