ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-আজম সওদাগর নামে এক শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার বিকেল কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ৪০৮ নম্বর কক্ষে যান মেজবাহ। পরে তাঁর এক আত্মীয় ভর্তি পরীক্ষার্থীকে কিছু প্রশ্নের উত্তর বলে দেন তিনি। এ সময় ওই কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকেরা এর প্রতিবাদ করলে মেজবাহ নিজেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে চলে যান। ওই দিন সন্ধ্যায় মেজবার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন দায়িত্বে থাকা শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে ওই শিক্ষক এমন কাজ করেছেন, যা তাঁর করা উচিত হয়নি। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে শিক্ষক মেজবাহ অভিযোগ স্বীকার করেছেন। বিষয়টি আগামী সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।’