রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার পর সাক্ষাৎকারে এসে জালিয়াতি ধরা পড়ল পাঁচ শিক্ষার্থীর। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে পাঁচজনকেই গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের গত বুধবার থেকে গতকাল পর্যন্ত দুই দিনব্যাপী সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বুধবার দুজন ও গতকাল তিনজন শিক্ষার্থীকে জালিয়াতির কারণে আটক করা হয়। তাঁরা হলেন আবদুল হামিদ, পুলক চন্দ্র রায়, সালেহ আকরাম, জাকিউল হাসান ও রাফাত হোসেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না সিদ্দীকা বলেন, টাকার বিনিময়ে মূল শিক্ষার্থীদের পক্ষে এই পাঁচজন ভর্তি পরীক্ষায় অংশ নেন। সাক্ষাৎকারে এসে বিষয়টি ধরা পড়ে। ভর্তি পরীক্ষায় প্রতি শিক্ষার্থীকেই বাংলা ও ইংরেজিতে দুটি নির্দিষ্ট বাক্য লিখতে বলা হয়। শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পর সাক্ষাৎকারে তাঁকে ওই নির্দিষ্ট বাক্য পুনরায় লিখতে বলা হয়। এ সময় হাতের লেখায় বড় ধরনের গরমিল পাওয়ায় পাঁচজনকে আটক করা হয়।
তামান্না সিদ্দীকা বলেন, আটক পাঁচজনই স্বীকার করেছেন, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নেননি। টাকার বিনিময়ে তাঁদের পরিবর্তে অন্যরা ভর্তি পরীক্ষায় অংশ নেন।