চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে পরীক্ষা চলাকালে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁদের হাটহাজারী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উম্মে হাবিবা, মো. শোয়েব, মো. মোস্তফা মাইনুদ্দিন ওরফে মারুফ এবং সোহেল রানা ওরফে হোসাইন আহমদ সোহেল। তাঁরা চারজনই একে অন্যের আত্মীয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, উম্মে হাবিবা ও মো. শোয়েব জীববিজ্ঞান অনুষদের ৫০৫ নম্বর কক্ষে বসে ভর্তি পরীক্ষায় অংশ নেন। মো. শোয়েব রমজানুল আলম নামে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি উম্মে হাবিবাকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। বিষয়টি হল পরিদর্শকের নজরে আসার পর তা প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। পরে দুজনকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। শোয়েব নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেন।
আলী আজগর বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় প্রক্টর অফিসের বাইরে ঘোরাঘুরি করছিলেন মোস্তফা মাইনুদ্দিন। সন্দেহ হওয়ায় মোস্তফাকেও আটক করা হয়। শোয়েবের খালাতো ভাই মোস্তফা। তাঁর কাছে সত্যায়িত করার ভুয়া সিল ও স্ট্যাম্প প্যাড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর মুঠোফোনে আটটি খুদে বার্তা আসে। যে বার্তাগুলোতে পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এ বার্তাগুলো আসে সোহেল রানা নামের আরেকজনের মুঠোফোন থেকে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে সোহেল রানার খালাতো ভাই বলে জানান এবং সোহেল রানার প্রকৃত নাম হোসাইন আহম্মদ সোহেল বলে দাবি করেন।
প্রক্টর আরও বলেন, এরপর সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে কৌশলে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। সোহেল রানার মোবাইলে বেশ কিছু ভুয়া প্রবেশপত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোহেল নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (২০০৮-০৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে দাবি করেন।