ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার জালিয়াতির দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ ‘ই’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যকে সাহায্য করা এবং পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদকে বহিষ্কার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকার তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উত্তরপত্রের সেট কোডের ফাঁকা বৃত্ত কলমের কালি দিয়ে পূরণ না করে অভিনব কায়দায় কালো টিপ ব্যবহার করার অভিযোগে বগুড়ার খান্দার এলাকার আফছার আলীর ছেলে ফজলে রাব্বীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ই’ ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জের মজিবুর রহমানের ছেলে শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরীক্ষায় পরস্পর দেখাদেখি করার অভিযোগে আটক পরীক্ষার্থীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বখতিয়ার হোসেন, রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ আকতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসেন ও রাজশাহীর বাগমারার ফিরোজ হোসেন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটক শিক্ষার্থীদের অভিভাবকেরা এলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

আজ সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের বিজোড়, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় এবং বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ‘ডি’ ইউনিটের বিজোড় এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হয়েছে।