ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার।
সাজাপ্রাপ্ত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের সহসম্পাদক সাইফ আহমেদ ওরফে লিখন, বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার সদরঘাট শাখার পরিচালক মফিজুর রহমান, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবদুর রহমান ও মোস্তাক আহমেদ।
বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়। বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পৃথক দুটি কক্ষ থেকে মুঠোফোনে এসএমএসে প্রশ্নের উত্তরপত্রসহ আবদুর রহমান ও মোস্তাক আহমেদকে আটক করেন দায়িত্বরত শিক্ষকেরা। পরে তাঁদের তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার থেকে সাইফ আহমেদ ও মফিজুর রহমানকে আটক করা হয়। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ৯(খ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এই চারজনকেই দুই বছর করে কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন নেতা বলেন, ওই কোচিং সেন্টারে বসেই বিভিন্ন কেন্দ্রের ৮ থেকে ১০ জন শিক্ষার্থীর মুঠোফোনে এসএমএসে উত্তরপত্র পাঠিয়েছেন সাইফ ও মফিজুর। এসএমএসের বিনিময়ে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছেন তাঁরা। সাইফকে ছাড়িয়ে নিতে কয়েক দফা চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সাইফ আহমেদ আগেই পুলিশের তালিকাভুক্ত আসামি। ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।