ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতার সাজা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রহিমা আক্তার।
দণ্ডিতরা হলেন: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও বাংলা বিভাগের ছাত্র সাইফ আহমেদ, বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার সদরঘাট শাখার পরিচালক মফিজুর রহমান এবং ভর্তি পরীক্ষার্থী আবদুর রহমান ও মোস্তাক আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরের কর্মকর্তারা জানান, বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়। বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পৃথক দুটি কক্ষ থেকে মুঠোফোনে এসএমএসে প্রশ্নের উত্তরপত্রসহ আবদুর রহমান ও মোস্তাক আহমেদকে আটক করেন দায়িত্বরত শিক্ষকেরা। পরে তাঁদের তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার থেকে সাইফ আহমেদ ও মফিজুর রহমানকে আটক করা হয়। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ৯ (খ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এই চারজনকেই দুই বছর করে কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, ওই কোচিং সেন্টারে বসেই বিভিন্ন কেন্দ্রের আট থেকে ১০ জন শিক্ষার্থীর মুঠোফোনে এসএমএসে উত্তরপত্র পাঠিয়েছেন সাইফ ও মফিজুর। এর বিনিময়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছেন তাঁরা। সাইফকে ছাড়িয়ে নিতে কয়েক দফা চেষ্টা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে শরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তা বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সাইফ আহমেদ আগেই পুলিশের তালিকাভুক্ত আসামি। ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ নেতা-কর্মীদের তালিকায়ও তাঁর নাম নেই।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সহসভাপতি ও একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাইফ আহমেদ ছাত্রলীগের রাজনীতি করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক পদে আছেন সাইফ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ইউনিটের ৮২৫টি আসনের (বিজ্ঞান-৭৯৭ ও অন্যান্য-২৮) বিপরীতে প্রায় ৬৪ হাজার ৩০৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।