ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১৩ পরীক্ষার্থীর সাজা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে বিভিন্ন কেন্দ্র থেকে ওই ১৩ জনকে আটক করার পর বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রক্টর কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকেলে প্রত্যেককে দুই বছর করে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন ইমরান খান, সাবিয়া ইসলাম, আল ইমরান, আকাশ খন্দকার, জাহিদ হাসান, তারিক চৌধুরী, অবণী রায়, মাহমুদুল হাসান তারেক, সাদমান ইয়াছির, আল-আমিন, ইসতিয়াক আহমেদ, জুলকার নাইন নির্ঝর ও সঞ্চিতা রানী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকেরা ১৩ জনকে আটক করেন। তাঁরা মুঠোফোনে খুদে বার্তা ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লালবাগ সার্কেলের নির্বাহী হাকিম রবীন্দ্র চাকমা সাংবাদিকদের বলেন, ১৩ জনকে দুই বছরের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৮টি ও ক্যাম্পাসের বাইরে ২৯টিসহ মোট ৮৭টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে ১ হাজার ৭৪৫টি আসনের বিপরীতে প্রতিযোগী ছিলেন ৯০ হাজার ৪২৭ জন।