ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার কলা ও মানবিক অনুষদের (সি ইউনিট) পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়।
প্রক্টরের কার্যালয় জানায়, গতকাল সকালে প্রথম পালার পরীক্ষা চালাকালে সমাজবিজ্ঞান অনুষদের ৩৮২ নম্বর কক্ষ থেকে আটক হন সিরাজুল আশেকিন ও মো. শাহিনুর রহমান। পরীক্ষার জন্য সিরাজুলের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে এবং মো. শাহিনুরের সমাজবিজ্ঞান অনুষদের ৩৮২ নম্বর কক্ষে আসন নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত ভবনে না গিয়ে শাহিনুরকে পরীক্ষায় সহযোগিতা করার জন্য ৩৮২ নম্বর কক্ষে বসে পরীক্ষা দেন সিরাজুল। এ সময় ওই কক্ষের পরির্দশক দুজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে সোপর্দ করেন।
সিরাজুল আশেকিন বলেন, তাঁর বাবা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান-সিরাজ-সুজা। তিনি আরও জানান, ইতিমধ্যে সমাজবিজ্ঞান অনুষদের মেধা তালিকায় স্থান পেয়েছেন তিনি। তাই বন্ধু শাহিনুরকে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য (গতকাল) পরীক্ষা দিয়েছেন।
এদিকে পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে গতকাল দ্বিতীয়বারের মতো আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জুয়েল রানা। গতকাল বিকেলে এই অনুষদের শেষ পালার পরীক্ষা চালাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের স্কুল ভবনের একটি কক্ষ থেকে তাঁকে আটক করা হয়। জুয়েল রানা বলেন, শম্পা নাজনীন নামের এক পরীক্ষার্থীকে সহযোগিতা করতে জিল্লুর রহমান নামের একজনের প্রবেশপত্র ব্যবহার করে তিনি পরীক্ষা দিতে আসেন। এ সময় শম্পাকেও আটক করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক হন জুয়েল রানা। ওই দিন তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো মামলা না করায় ঘটনার পরদিনই থানা থেকে ছাড়া পেয়ে যান তিনি।
গতকাল দুপুরে তৃতীয় পালার পরীক্ষা চলাকালে প্রাণিবিদ্যা বিভাগের ২ নম্বর কক্ষ থেকে আটক হন ফিরোজ আজম ও ফরহাদ হোসেন। পরীক্ষা চলাকালে একে অন্যকে সহযোগিতা করায় তাঁদের আটক করা হয়।
সন্ধ্যায় প্রক্টরের কার্যালয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় মামলার এজহারে জাতীয় পার্টির নেতার ছেলে ও তাঁর বন্ধুর নাম বাদ দিয়ে বাকি চারজনের নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় সাংবাদিকদের তোপের মুখে পড়েন প্রক্টর। পরে এজহারে দুজনের নাম যোগ করা হয়েছে বলে জানান প্রক্টর তপন কুমার সাহা। জানতে চাইলে প্রক্টর বলেন, ছয়জনের নামেই মামলা করা হয়েছে।