ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে আটক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার সকালে অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে রাজধানীর ১০টি কেন্দ্রে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে ২২ হাজার ১২৪ জন প্রতিযোগী ছিলেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় বিভিন্ন কেন্দ্র থেকে জালিয়াতির অভিযোগে ছয় শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তাঁদের প্রতিজনের কাছ থেকে মাস্টারকার্ডের মতো দেখতে একটি মুঠোফোন ও একটি ক্ষুদ্র হেডফোন পাওয়া যায়। আটক হওয়া যুবকেরা হলেন কমল বিশ্বাস, জাহিদ হাসান, ওমর ফারুক, রেবেকা সুলতানা, ইমদাদুল হক ও আকাশ মিস্ত্রি। তাঁদের মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে আটক করা হয়। এঁদের মধ্যে মোহাম্মদপুরের কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় থেকে আটক কমলকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্র থেকেই ছেড়ে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের সময় কমল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন ছাত্র তাঁদের ১৯ জন ভর্তি-ইচ্ছুকের একটি দল বাছাই করেন। পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেলে তাঁদের প্রত্যেকের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সনদপত্র নিজেদের কাছে জমা রাখেন তাঁরা। জিজ্ঞাসাবাদের সময় তিনি দুটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। অভিযুক্তদের পাঁচজনকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আটক রাখা হয়। পরে তাঁদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে আটক শিক্ষার্থীদের অন্যের সহায়তায় ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে মামলা করা হয়েছে।