ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ। উপাচার্য বলেন, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগ পর্যন্ত ‘সি-৩’ ইউনিটের সব কার্যক্রম স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে ‘সি-৩’ ইউনিটের বিষয়ে। আর বাণিজ্য অনুষদের ডিন এ বিষয়ে তাঁদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ প্রথম আলোকে বলেন, ‘আমাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে আমি এখনো লিখিত কাগজ পাইনি।’
বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা “সি-৩” ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। সেখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এ মুহূর্তে প্রতিবেদনে কী আছে, তা প্রকাশ করা যাবে না।’
এর আগে গতকাল বুধবার বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে উত্তরপত্র চিহ্নিত থাকার অভিযোগ ওঠায় উপাচার্যের নির্দেশে মৌখিক পরীক্ষা স্থগিত করেছে ভর্তি পরীক্ষা কমিটি।
গত সোমবার বিকেলে বাণিজ্য অনুষদের ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর অভিযোগ ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে। এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তর ঝাপসা করে রাখা হয়, যাতে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পছন্দের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সঠিক উত্তরটি দিতে পারেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার ১ নম্বরে থাকা শিক্ষার্থী ছাড়াও অন্তত ১৫ জন ‘অস্বাভাবিক’ নম্বর পেয়েছেন। এ নিয়ে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: