জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া চারজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। তাঁদের হয়ে অন্য কেউ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মৌখিক পরীক্ষা চলাকালে ওই চারজনের তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্য একজন ‘চলে গেছে’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক তিনজনকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন।
ডিন কার্যালয় সূত্রে জানা যায়, কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় ও তপু সাহা তৃতীয় হন। একইভাবে ব্যবসায় শিক্ষা অনুষদে ১৭৭তম হয়েছেন রকিবুল হাসান নামের এক পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার উত্তরপত্রে একটি বাক্য লিখতে হয়। মৌখিক পরীক্ষায় সেই একই বাক্য আবার লিখতে হয়। এভাবে পরীক্ষার্থীদের হাতের লেখা মেলানোর চেষ্টা করা হয়। কিন্তু এই তিনজনের হাতের লেখা মেলেনি। তাই গতকাল সংশ্লিষ্ট অনুষদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় এই তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রত্যেকেই স্বীকার করেছেন, তাঁদের হয়ে অন্যরা ভর্তি পরীক্ষা দিয়েছেন। তপু বলেন, রাজু নামের এক ব্যক্তির সঙ্গে ভর্তি করিয়ে দেওয়ার জন্য দুই লাখ টাকায় চুক্তি হয় তাঁর।
একই রকম অভিযোগ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষায় পঞ্চম হওয়া মো. হাসনাত হাসানের বিরুদ্ধে। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। গত রোববার মৌখিক পরীক্ষায় হাসানের হাতের লেখা মেলেনি। উত্তরপত্রে পরীক্ষার্থী যে মুঠোফোন নম্বর লেখেন, সেটিরও হদিস দিতে পারেননি তিনি।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এ ঘটনায় হাসানকে উল্লেখিত নম্বরের সিমকার্ড নিয়ে আসার জন্য এক দিন সময় দেয় অনুষদের ভর্তি কমিটি। গতকাল সোমবার হাসান সিমটি নিয়ে আসতে পারেননি। এ ছাড়া গতকাল তাঁর জন্য এক ঘণ্টার একটি পরীক্ষাও নেওয়া হয়। এ পরীক্ষায় তিনি সন্তোষজনক ফলাফল করতে পারেননি। কিন্তু তাঁকে আটক করা হয়নি।
জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) কে এম আক্কাছ আলী বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমরা অন্য কক্ষে গেলে এসে দেখি ও (হাসনাত হাসান) চলে গেছে। তবে তাকে ভর্তির অনুপযুক্ত ঘোষণা করে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির কাছে পত্র পাঠানো হয়েছে।’
যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে জালিয়াতির একটি মামলা করেছিল। আটক তিনজনকে ওই মামলার আসামি করে আদালতে পাঠানো হবে।