ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ২ পরীক্ষার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ভর্তি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় এই কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া পরীক্ষার্থীরা হলেন বগুড়া শহরের চাটাই পাড়া এলাকার জারিন তাসনিম ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঘুগা গ্রামের মো. শিমুল সরকার। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী ওই দুজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। শিমুল সরকারকে এক মাসের ও জারিন তাসনিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

৪৪১ নম্বর কক্ষে দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হওয়ার পর হঠাৎ করে কক্ষে সাংকেতিক এলার্মের শব্দ কানে আসে। এরপর পরীক্ষার্থী জারিন তাসনিমের কাছে গেলে নিশ্চিত হওয়া যায়, তাঁর পোশাকের ভেতর থেকেই শব্দটি আসছে। পরে একজন নারী শিক্ষককে ডেকে এনে বাথরুমে নিয়ে তাঁর শরীর তল্লাশি করে মোবাইলের ব্যাটারি সদৃশ কালো রঙের একটি ডিভাইস এবং তাঁর কানের ভেতর থেকে একটি সাউন্ড চিপস উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক মো. রাশেদ বলেন, ৫৪১ নম্বর কক্ষে তিনি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ফাহিমা খানম দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষার শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় কক্ষে ইলেকট্রনিক ডিভাইসের শব্দ হয়। এরপর শিমুল সরকার নামের ওই শিক্ষার্থীর কাছে গেলে শব্দটি তাঁর শরীর থেকে আসার বিষয়ে নিশ্চিত হতে পারি। পরে শরীর তল্লাশি করে তাঁর কাছেও একই ধরনের ডিভাইস ও চিপস পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ টি এম শফিকুল ইসলাম বলেন, দুজনেই জিজ্ঞাসাবাদে ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জালিয়াতির ব্যাপারে জারিন তাসনিম ও মো. শিমুল সরকার বলেন, বগুড়া শহরের জামিল নামের একজন চিকিৎসকের মাধ্যমে তুহিন নামের অন্য একজনের সঙ্গে মোবাইলে পরিচয় হয়। তুহিনের সঙ্গে প্রশ্নপত্র পাইয়ে দিতে আড়াই লাখ টাকার চুক্তি হয়। এরপর তুহিন মাহবুব নামে ২৮ থেকে ৩০ বছর বয়সী একজনের সঙ্গে তাঁদের মোবাইলে যোগাযোগ করিয়ে দেন। তিনি মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে আজ সকাল সাতটায় হাজী দানেশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকে যেতে বলেন। সেখানে গেলে মাহবুব মোট সাতজনকে ওই ডিভাইস পরিয়ে দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সাতজন পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলেছেন। পুরো বিষয়টি পুলিশ গভীরভাবে তদন্ত করছে। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।