জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রক্রিয়ায় প্রশাসনিক স্বেচ্ছাচার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের লাউঞ্জে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানবিকী অনুষদের বিভাগগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে যেসব যোগ্যতা চাওয়া হয়েছিল, তা পুনর্বিজ্ঞপ্তির মাধ্যমে শিথিল করা হয়েছে। কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিভাগগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই স্বেচ্ছাচারী উপায়ে এটা করা হয়েছে, যা স্পষ্টই দুর্নীতি। এর ফলে আবেদনকারী অনেক শিক্ষার্থী বৈষম্যের শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় প্রতিটি কোটায় প্রতিযোগিতা থাকলেও একমাত্র পোষ্য কোটায় কোনো প্রতিযোগিতা নেই। এই কোটাকে প্রতিযোগিতার আওতায় আনা জরুরি। এ ছাড়া ভর্তি পরীক্ষায় ‘উপাচার্য কোটা’ রয়েছে বলে দাবি করেন তাঁরা।
এই কোটায় অনেক শিক্ষার্থী ভর্তি করা হয়। সম্মেলনে এ রকম অযৌক্তিক কোটার অবসান চাওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, দর্শন বিভাগের রায়হান রাইন, এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, প্রত্নতত্ত্ব বিভাগের সীমা হক, ইতিহাস বিভাগের এ টি এম আতিকুর রহমান ও আনিছা পারভীন।
সংবাদ সম্মেলনে করা অভিযোগগুলোর ব্যাপারে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, কলা অনুষদের পরীক্ষার্থীদের পছন্দ অনুযায়ী প্রবেশপত্রে যে চারটি বিভাগ উল্লেখ ছিল, তা আর কার্যকর থাকবে না। পরীক্ষার দিন তাঁরা যোগ্যতা অনুযায়ী যেকোনো চারটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।
এদিকে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন বলেন, এবার আবেদন অনেক কম জমা পড়েছে। তা ছাড়া সব বিভাগের সঙ্গে আলোচনা করার সুযোগও পাওয়া যায়নি। তাই এভাবে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।