ভর্তি-বাণিজ্যে জড়িয়ে পড়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণি ভর্তি–বাণিজ্যে জড়িয়ে পড়ায় বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় আজ বেলা তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে লিপ্ত থাকায় কেন্দ্রীয় কমিটির সম্মতিতে মুজিবুর রহমান মহিলা কলেজ কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে ভর্তি–বাণিজ্যে জড়িয়ে পড়ায় আজ প্রথম আলোয় ‘ছাত্রলীগের বিরুদ্ধে ভর্তি–বাণিজ্যের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এরপরই জেলা ছাত্রলীগের জরুরি সভা বসে।

অভিযোগ রয়েছে, অপেক্ষমাণ তালিকায় নাম থাকার পরও ছাত্রলীগ নেত্রীদের টাকা না দিয়ে মুজিবুর রহমান মহিলা কলেজে কেউ ভর্তি হতে পারছে না। অপেক্ষমাণ তালিকার পরিবর্তে ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে ছাত্রলীগ নেতারা তাঁদের পছন্দের শিক্ষার্থী ভর্তি করাচ্ছিলেন।

ভর্তি–বাণিজ্যের সঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি আনজুমান আরা, সাধারণ সম্পাদক রত্না সরকার, সাংগঠনিক সম্পাদক সুমি খাতুন, যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার, সাংগঠনিক সম্পাদক তমানিয়া আফরিনসহ কয়েকজন জড়িত বলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন।

তবে আনজুমান ও রত্না দুজনই ভর্তি–বাণিজ্যের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা অস্বীকার করেন।