এ বছর পছন্দের কলেজে ভর্তি হতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। কোনো কলেজের ভর্তি বাতিল করলে তাদের ভর্তির সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে না। অথচ আগের বছরগুলোতে শিক্ষার্থীদের ভর্তির টাকা ফেরত দেওয়া হয়েছে।
অভিভাবকেরা বলছেন, অন্যান্য বছরের মতো এবারও শিক্ষার্থীদের ভর্তির টাকা ফেরত দেওয়া হোক। নইলে শিক্ষার্থীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারি সুস্পষ্ট নির্দেশনা না থাকায় শিক্ষার্থীদের ভর্তি বাতিল হওয়ার টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, গত বছর কেউ ভর্তি বাতিল করলে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ ভাগ টাকা ফেরত দেওয়া হয়েছিল। তার আগের বছর ফেরত দেওয়া হয় পুরোটাই। কিন্তু এ বছর সরকারের সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় তাঁরা এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
একই কথা বলেছেন রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ জার্জিস কাদিরও। তাঁরা সবাই বলেছেন, এখন পর্যন্ত বাতিল করা ভর্তির টাকা ফেরত দেওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে অন্য কলেজে ভর্তি হয়, তাহলে আগের কলেজে ভর্তির পুরো টাকাই কলেজ কর্তৃপক্ষ তাকে ফেরত দেবে। যতবারই ভর্তি বাতিল করা হোক না কেন একজন শিক্ষার্থী ভর্তির জন্য একবারই টাকা দেবে। তবে সার্ভিস চার্জ বাবদ যদি কিছু থেকে থাকে, সেই অংশটুকু বাদ যেতে পারে। এ ব্যাপারে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৭ জুন সোমবার ঈশ্বরদী থেকে রাজশাহী কলেজে ভর্তি হতে এসেছিল আবদুল্লাহ ইসতিয়াক। প্রথমে সে রাজশাহী সরকারি সিটি কলেজে ভর্তির সুযোগ পায়। তখন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে তার নাম ছিল অপেক্ষমাণ তালিকায়। সিটি কলেজে ভর্তির পরের দিন সে জানতে পারে, নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ভর্তি বাতিল করে কিছু ছাত্র রাজশাহী কলেজে যাওয়ায় সেখানে তার ভর্তির সুযোগ হচ্ছে। তখন সে সিটি কলেজের ভর্তি বাতিল করে নিউ গভ. ডিগ্রি কলেজে ভর্তি হয়। কিন্তু পরের দিন সে জানতে পারে, একইভাবে তার সবচেয়ে পছন্দের কলেজ রাজশাহী কলেজেও আসন ফাঁকা হয়েছে। সোমবার সে রাজশাহী কলেজে ভর্তি হয়।
আবদুল্লাহ ইসতিয়াক জানায়, আগের দুই কলেজে ভর্তি হতে তার ছয় হাজার টাকা খরচ হয়েছে। রাজশাহী কলেজে ভর্তি হতে খরচ হয়েছে আরও তিন হাজার টাকা। কিন্তু আগের দুই কলেজের টাকা সে হাতে পায়নি। একইভাবে রাজশাহী নগরের মৌমিতা মৈত্র প্রথমে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নিউ গভ. ডিগ্রিকলেজের ভর্তি বাতিল করে সোমবার রাজশাহী কলেজে ভর্তি হয়েছে। তাকেও একই পরিমাণ টাকা খরচ করতে হয়। কিন্তু আবদুল্লাহ ইসতিয়াকের মতো মৌমিতাও যেসব কলেজের ভর্তি বাতিল করেছে, সেসব কলেজ থেকে টাকা ফেরত পায়নি। এদিনরাজশাহী নগরের সোনাদিঘির মোড়ে রূপালী ব্যাংকের একটি শাখার নিচে দীর্ঘ সারিতে পাওয়া যায় বাঘা উপজেলা থেকে আসা রাজীব কুমার প্রামাণিককে। সে শহীদ কামারুজ্জামান কলেজে ভর্তি বাতিল করে সিটি কলেজে ভর্তির জন্য এসেছে। রাজীব কুমার জানায়, কামারুজ্জামান কলেজ থেকে তার টাকা ফেরত দেওয়া হয়নি। সে নিউ গভ. ডিগ্রি কলেজের অপেক্ষমাণ তালিকায় আছে। সেখানে সুযোগ পেলে সিটি কলেজের ভর্তিও সে বাতিল করবে। কিন্তু তারও শঙ্কা আগের দুই কলেজের টাকা ফেরত পাওয়া নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী কলেজের অন্তত ২০০ শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে। এই কলেজে চলে যাওয়া শিক্ষার্থীদের প্রায় ছয় লাখ টাকা থেকে গেছে। একইভাবে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে শতাধিক ও রাজশাহী সিটি কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী তাদের ভর্তি বাতিল করেছে। রাজশাহী সরকারি মহিলা কলেজের সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে সেখান থেকে যারা ভর্তি বাতিল করে এসেছে, তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।