ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ বিভাগে স্নাতকোত্তর পর্বে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সমাজকল্যাণ বিভাগের শিক্ষকেরা বলছেন, বিভাগে স্নাতকোত্তর পর্বে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায়ে অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে।
সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু, কলেজ কর্তৃপক্ষ এক হাজার ১০০ টাকা অতিরিক্ত আদায় করছে। ওই টাকা কলেজ কর্তৃপক্ষ ভাগ-বাঁটোয়ারা করে নেয়। রসিদ চাইতে গেলে শিক্ষার্থীদের ওপর চটে যান শিক্ষকেরা।
কলেজের ভর্তি দপ্তর থেকে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য ফি নির্ধারণ করা আছে। তাদের নির্ধারণ করা ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ৮৩৭ টাকা ৫০ পয়সা, ভর্তি ফি ও বেতন বাবদ ৩৩২ টাকা ৫০ পয়সা এবং কলেজের সেশন ফি এক হাজার ৮৫৫ টাকা। সব মিলিয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য তিন হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনো অর্থ আদায়ের সুযোগ নেই।
স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মো. আমিন প্রথম আলোকে বলেন, ভর্তির জন্য চার হাজার ২০০ টাকা দিতে হয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি তিন হাজার ৮০ টাকা। এর বাইরে সেমিনার ফি ৪০০ টাকা, শিক্ষাসফর বাবদ ১০০ এবং ফিল্ড ওয়ার্ক বাবদ ৬০০ টাকা নেওয়া হয়েছে। তবে ফিল্ড ওয়ার্কের জন্য নেওয়া ৬০০ টাকার কোনো রসিদ দেওয়া হয়নি।
জানতে চাইলে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান মো. বন্দে আলী হাওলাদার বলেন, বিভাগ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এটা সঠিক নয়। বিষয়টি অধ্যক্ষ জানেন। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ আদায় করা হচ্ছে। কোনো বাড়তি টাকা নেওয়া হচ্ছে না। টাকা নেওয়ার রসিদ কেন দেওয়া হচ্ছে না, জানতে চাইলে তিনি অধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফির সঙ্গে সেমিনার ফি ৪০০ এবং শিক্ষাসফর বাবদ ১০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত আছে। সেটাও নোটিশ দিয়ে জানানো হয়েছে। এর বাইরে অর্থ আদায় করা হলে সেটা ভুল করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি জানি না। আমি যোগদান করার পর অ্যাকাডেমিক কাউন্সিলে এ রকমের কোনো সিদ্ধান্ত হয়নি।’