ভর্তিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অধ্যক্ষসহ শিক্ষকদের কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস খান ও কাউখালী মহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য নির্ধারিত ফি ১ হাজার ৮৫০ টাকা। তবে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা আদায় করছে। কলেজের অধ্যক্ষকে ভর্তিতে অতিরিক্ত টাকা না নেওয়ার অনুরোধ জানালে তিনি উল্টো শিক্ষার্থীদের বকাঝকা করেন।
গতকাল বেলা ১১টার দিকে অধ্যক্ষ শিক্ষকদের নিয়ে প্রশাসনিক ভবনে সভা করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবিতে তাঁদের অবরুদ্ধ করে কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। বেলা তিনটায় তালা খুলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘কলেজ নির্ধারিত ১ হাজার ৮৫০ টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থী ৫০০ টাকা দিয়ে ভর্তির দাবিতে আমাদের অবরুদ্ধ করে রাখে।’