ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬৫। গত বছর শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ টাকা করে নেওয়া হয়েছিল। এ বছর তা বাড়িয়ে ৮৪০ টাকা করা হয়। এর সঙ্গে সরকারি ৮টি এবং বেসরকারি ১৪টি খাতে অর্থ আদায়ের সঙ্গে শ্রেণিভেদে ভর্তি ও পুনরায় ভর্তির ফি যোগ করে আরও ৮৬০-৮৭০ টাকা আদায় করা হয়।
ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ ৮৪০ টাকা, ফি ২৪ টাকাসহ নেওয়া হয়েছে ৮৬৪ টাকা। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে ৮৭০ টাকা করে। সেশন চার্জের ৮৪০ টাকার মধ্যে খেলাধুলার জন্য ১৫০ থেকে ১৭০ টাকা, কমনরুম ফি ২০ টাকা, স্কাউট ফি ২০-৩০ টাকা, ছাত্রকল্যাণ ফি ১০-২০ টাকা, মিলাদ ২০ টাকা, ম্যাগাজিন ফি ২০ টাকা, লাইব্রেরি ১০ টাকা, কম্পিউটার ৫০ টাকা, বিজ্ঞানাগার ১০ টাকা, প্রিন্টিং ১৭৫ টাকা, রেড ক্রিসেন্ট ১৫ টাকা, বিবিধ ১০০ টাকা এবং উন্নয়ন ফির জন্য ২০০ টাকা ধরা হয়েছে। এর মধ্যে বিদ্যালয় জাতীয়করণের পর প্রথম কয়েক বছর ম্যাগাজিন প্রকাশ করা হলেও পরে আর হয়নি। ছাত্রকল্যাণ, কমনরুম, লাইব্রেরি, কম্পিউটার, ছাপা, বিবিধ ও উন্নয়ন বাবদ টাকা নেওয়া হলেও এগুলোর দৃশ্যমান কোনো খরচ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, কমনরুম থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। কম্পিউটারের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হলেও কোনো শিক্ষার্থী সেটা ব্যবহার করতে পারে না। বিজ্ঞানাগার থাকলেও সেখানে ক্লাস হয় না। ছাপার জন্য ১৭৫ টাকা করে নেওয়া হলেও কী কাজে তা খরচ করা হয় কেউ জানে না। এমনকি বিবিধ হিসাবে ১০০ টাকা আর উন্নয়ন ফির নামে ২০০ টাকা করে আদায় করা হলেও কী উন্নয়ন হয় বা কোনো খাতে ব্যবহার হয় তা-ও কেউ জানে না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বলেন, কমনরুমে একটি পত্রিকা থাকে, যার জন্য ২০ টাকা এবং অনেক দরিদ্র শিক্ষার্থী ঠিকমতো বেতন দিতে পারে না, এ কারণে আরও ২০ টাকা করে নেওয়া হয়। কম্পিউটার নষ্ট হলে যন্ত্রপাতি ক্রয়ের জন্য সরকারি বরাদ্দ না থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়। ছাপার ১৭৫ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ও লেখার কাগজ দেওয়ার জন্য নেওয়া হয়। উন্নয়ন ফির ২০০ টাকা এবং বিবিধ খাতে নেওয়া ১০০ টাকায় বেসরকারিভাবে নিয়োগ করা শিক্ষক-কর্মচারীর বেতন এবং বিদ্যালয়ের অন্যান্য কাজে ব্যবহার করা হয়। ম্যাগাজিন ফিসহ কিছু খাতের টাকা ব্যাংক হিসাবেই আছে, যা উত্তোলন করা হয়নি।