বরিশালের আগৈলঝাড়া আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় (বিএম) প্রথম বর্ষে ভর্তিতে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এভাবে তিনি প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ সূত্রে জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কলেজটিতে একাদশ শ্রেণির ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় অনলাইনে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। বোর্ড নির্ধারিত আবেদনের শেষ তারিখ ছিল ৯ জুন, ১৬ জুন ফল ঘোষণার কথা।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের অনলাইনে ১৫০ টাকা জমা দিয়ে আবেদন করার কথা। পরে বোর্ডের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ফি ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার কথা। কিন্তু অধ্যক্ষ হেমায়েত উদ্দিন ও তাঁর স্ত্রী কারিগরি শাখার বিভাগীয় প্রধান সাফিনা হাসিনা নিয়ম লঙ্ঘন করে এক দিনে ৮০ জন শিক্ষার্থীকে সরাসরি ভর্তি করেন। তাঁরা ওই শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৪৭০ টাকা করে মোট ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা আদায় করেন। কিন্তু কাউকেই ভর্তির রসিদ দেওয়া হয়নি।
ওই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি জানান, অধ্যক্ষ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাগজপত্র জমা নিয়ে বাণিজ্যিকভাবে পরিচালিত আগৈলঝাড়া উপজেলা সদরের একটি কম্পিউটার সেন্টারের মাধ্যমে নিজেই একসঙ্গে অনলাইনে ৮০ জনের ভর্তির আবেদন করেন। আবেদনে শুধু তাঁর কলেজের নাম উল্লেখ করেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আগৈলঝাড়ার কুয়াতিয়ারপাড় গ্রামের সাগর মণ্ডল, নগরবাড়ী গ্রামের মিজান খান ও বাকাল গ্রামের শারমিন আকতার বলে, ‘আমরা ভর্তির জন্য অধ্যক্ষ স্যারের কাছে পরামর্শের জন্য গেলে তিনি আমাদের কাছ থেকে ভর্তি বাবদ জনপ্রতি ২ হাজার ৪৭০ টাকা ও কাগজপত্র নিয়ে যান। আমরা ভর্তির রসিদ চাইলে স্যার জানান, পরে দেওয়া হবে।’
এ ব্যাপারে কারিগরি শাখার বিভাগীয় প্রধান সাফিনা হাসিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন বলেন, ‘আমাদের কলেজে ভর্তি নিশ্চিত করতে নিজেরাই অনলাইনে আবেদন করেছি। এ জন্য শুধু খরচের টাকা নেওয়া হয়েছে।’
কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা আবদুর রইস সেরনিয়াবাত ও রণজিৎ সমাদ্দার বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। কমিটির সিদ্ধান্ত ছাড়াই অধ্যক্ষ এককভাবে এ কাজ করেছেন। এর দায়দায়িত্ব তাঁকেই বহন করতে হবে। কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’