ভর্তির ফরম পূরণে প্রতারক চক্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কয়েকজন শিক্ষার্থী অনলাইনে উচ্চমাধ্যমিকে ভর্তির আবেদন করতে গিয়ে দেখেন তাদের নামে আবেদন করা হয়ে গেছে। গত রোববার ময়মনসিংহ জিলা স্কুলের কমপক্ষে ২০ জন শিক্ষার্থী এ সমস্যায় পড়েন। পরে অভিভাবকেরা বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকর্মীকে জানান। পাশাপাশি কয়েকজন অভিভাবক বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকেও জানান। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত কোনো সমাধান পাননি তাঁরা।
কয়েকজন অভিভাবক জানান, রোববার দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহের কয়েকটি ইন্টারনেট সেবাদানকারী দোকানে তাঁরা অনলাইনে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে যান। আবেদনের ফরমটি পূরণের সময় প্রাথমিক তথ্য দিতেই দেখা যায় ওই নামে ইতিমধ্যে আবেদন করা হয়ে গেছে। পরে আবেদনের বিস্তারিত তথ্য জানার জন্য ওই শিক্ষার্থীর আবেদনপত্র দেখতে চাইলে গোপন নম্বর (পাসওয়ার্ড) দাবি করে অনলাইন পদ্ধতি।
অভিভাবকেরা ধারণা করছেন, বিষয়টি কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ হতে পারে। আর তাহলে দু-এক দিনের মধ্যে আরও অনেক শিক্ষার্থী এর শিকার হতে পারে।
ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এন এম শাহজাহান সরকারের ছেলে ময়মনসিংহ জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। রোববার অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে গেলে তার আবেদন ইতিমধ্যে হয়ে গেছে দেখায়। এন এম শাহজাহান বলেন, ‘বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দেওয়া হেল্পলাইনে যোগাযোগ করি। তাঁদের পরামর্শে বিষয়টি আমি ঢাকা শিক্ষা বোর্ডেও জানিয়েছি। তাঁরা এটি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।’