ভর্তির বদলে পুলিশে সোপর্দ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ই-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে এসেছিলেন এখলাসুর রহমান নামের এক শিক্ষার্থী। কিন্তু তখন জানা গেল, ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে তিনি উত্তীর্ণ হয়েছেন। এ কারণে তাঁকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করে প্রক্টর কার্যালয়ের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
এখলাসুর রহমানের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বংরা গ্রামে। ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ই-ইউনিটের মেধাতালিকায় ৪২তম হয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, ভর্তি পরীক্ষার ওএমআর শিটে হাতে লিখে দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা ওই হাতের লেখা মিলিয়ে নিই। সাক্ষাৎকারের সময় ওএমআর শিটে থাকা হাতের লেখার সঙ্গে এখলাসের হাতের লেখার মিল না থাকায় তাঁকে প্রক্টর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এখলাস স্বীকার করেন যে তাঁর পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। জালিয়াতির অভিযোগে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।