ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক এক মুক্তিযোদ্ধা সন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে সনদপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, সকাল ১০টার দিকে কুমিল্লা থেকে আসা মহসিন হোসেন নামের ওই শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য ফরম সংগ্রহ করতে ব্যবস্থাপনা বিভাগে যান। কয়েকজন যুবক মহসিনকে ঘিরে ফেলে তাঁর কাছে থাকা সনদপত্র ও কাগজপত্র দেখতে চান। মহসিন ফাইল দেখাতে রাজি না হলে তাঁর মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে কাগজপত্র ছিনিয়ে নেন যুবকেরা। তখন মহসিন চিৎকার করলে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা তাঁর ভাইকে বিভাগের শৌচাগারে আটকে রেখে চলে যায় ১৫-২০ জনের ওই দলটি।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই দলটিতে ছিলেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মহসিনের বড় ভাই সাইফুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়েই অধ্যয়ন করছেন। তিনি জানান, তাঁর কয়েকজন বড় ভাই ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র এসে তাঁদের দুই ভাইকে শৌচাগার থেকে উদ্ধার করেন। তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে ছাত্রদল ও শিবির এটা করতে পারে।’
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরেফিন বলেন, ‘মহসিন ও তাঁর বড় ভাই আমার কাছে এসে সনদ ও টাকা ছিনিয়ে নেওয়ার বর্ণনা দিয়েছে। এটা খবুই অন্যায় ও দুঃখজনক। আমি প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি।’