ভর্তুকির টাকা না পেয়ে আখচাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে রূপালী ব্যাংকের মুঠোফোন ব্যাংকিং সেবা শিওর ক্যাশের মাধ্যমে ভর্তুকির টাকা না পাওয়ায় গতকাল সোমবার পাঁচ শতাধিক আখচাষি বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা পঞ্চগড় চিনিকল কার্যালয়ে শিওর ক্যাশের আঞ্চলিক ব্যবস্থাপককে (টিএম) অবরোধ করে রাখেন।

পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমদাদুল হক শিওর ক্যাশ কর্তৃপক্ষের হয়ে চাষিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমদাদুল হক বলেন, ‘বিষয়টি আমরা শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।’

আখচাষিরা বলেন, সরকার ভর্তুকির টাকা দেওয়ার জন্য পঞ্চগড় চিনিকলের আওতাধীন পাঁচ শতাধিক আখচাষির নাম নিবন্ধন করে। চিনিকল কর্তৃপক্ষ টাকা দেওয়ার জন্য রূপালী ব্যাংক লিমিটেডের শিওর ক্যাশ কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়। সে অনুযায়ী শিওর ক্যাশ কর্তৃপক্ষ প্রত্যেক আখচাষিকে গতকাল ভর্তুকির টাকা তোলার জন্য চিনিকল কর্তৃপক্ষের কার্যালয়ের উত্তর ও দক্ষিণ উপ-অঞ্চলে আসার জন্য অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠায়। বার্তা পেয়ে সকাল থেকে দূরদূরান্ত থেকে আখচাষিরা কার্যালয়ের সামনে এসে জড়ো হন। কিন্তু শিওর ক্যাশ কর্তৃপক্ষ সার্ভারের সমস্যার অজুহাত দেখিয়ে কোনো চাষিকেই টাকা দিতে পারেনি। এতে চাষিরা ক্ষুব্ধ হয়ে শিওর ক্যাশের টিএম আরিয়াল ইসলামসহ কয়েকজনকে চিনিকলের উত্তর ও দক্ষিণ উপ-অঞ্চলের কার্যালয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে চিনিকলের এমডি এমদাদুল হক ভর্তুকির টাকা দেওয়ার নতুন তারিখনির্ধারণের আশ্বাস দিলে আখচাষিরা শান্ত হন।

আখচাষি বাবুল আক্তার বলেন, ‘সেই সকাল থেকে বসে আছি। কিন্তু ব্যাংকের লোকেরা টাকা দিতে পারছে না। তাহলে আমাদের ডেকে আনার কী দরকার ছিল। মিল কর্তৃপক্ষ এভাবে আমাদের বারবার হয়রানি করছে।’

বোদা উপজেলার মানিকপীর থেকে আসা আখচাষি মোজাহার হোসেন বলেন, ‘আমরা সারা জীবন আখ চাষ করে এই মিলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। এখন সরকার আমাদের ভর্তুকি দিচ্ছে। এই টাকাটা দিতেও আমাদের সঙ্গে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করেছে।’

শিওর ক্যাশের টিএম আরিয়াল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে আমরা চাষিদের টাকা ঠিকমতো দিতে পারিনি। আমরা সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করছি। আশা করি, দু-এক দিনের মধ্যেই চাষিরা তাঁদের টাকা তুলতে পারবেন।’