ভর্তুকির সার বিক্রি হচ্ছে যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলার চাহিদার বিপরীতে ভর্তুকি কর্মসূচির আওতায় বেসরকারি পর্যায়ে আমদানি করা নন-ইউরিয়া সার যশোরের নোয়াপাড়ায় বিক্রি করে দেওয়া এবং রাজশাহীতে এই সারের ভুয়া আগমনী বার্তা জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সেপ্টেম্বর মাসে উপ-বরাদ্দপ্রাপ্ত পরিবেশকেরা (ডিলার) কেউ কেউ এই কাজ করেছেন। আবার অনেকেই এই সার বিক্রি করে দিয়ে আগমনী বার্তাও জমা দেননি। এ ব্যাপারে কোনো তদারকি না থাকায় সরকারের বিপুল পরিমাণ ভর্তুকি গচ্চা যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে রাজশাহীর চাহিদার বিপরীতে যশোরের মেসার্স নোয়াপাড়া ট্রেডিং লেবানন থেকে এক হাজার ১৮৪ মেট্রিক টন টিএসপি, বেলারুশ থেকে ৮৮৬ মেট্রিক টন এমওপি ও চীন থেকে এক হাজার ১০৪ মেট্রিক টন ডিএপি সার আমদানি করে। অধিদপ্তর থেকে এসব সার রাজশাহীর ৮৮ জন পরিবেশককে বরাদ্দ দেওয়া হয়। টিএসপি টনপ্রতি ২০ হাজার টাকা, এমওপি ১৩ হাজার ও ডিএপি ২৫ হাজার টাকা দরে বরাদ্দ দেওয়া হয়।
নোয়াপাড়ার ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, বরাবরই বরাদ্দ পাওয়া বেশ কিছু ডিলার তাঁদের সার উত্তোলন করে রাজশাহীতে নেন না। সেখানে ভুয়া আগমনী বার্তা দাখিল করেন। এবার সেপ্টেম্বর মাসেও বেশ কিছু ডিলার এ কাজ করেছেন। মাঠপর্যায়ে অনুসন্ধানে এর সত্যতা পাওয়া গেছে।
রাজশাহীর বোয়ালিয়ার সারের ডিলার মোসলেম মোল্লার প্রতিষ্ঠান মেসার্স মোসলেম মোল্লার নামে ছয় মেট্রিক টন টিএসপি, আট মেট্রিক টন এমওপি ও নয় মেট্রিক টন ডিএপি সার বরাদ্দ করা হয়েছে। মুঠোফোনে জানতে চাইলে মোসলেম মোল্লা জানান, তিনি সার এনেছেন ও আগমনী বার্তা কৃষি কর্মকর্তার কাছে দাখিল করেছেন। নগরের মেহেরচণ্ডী ও বনগ্রাম ব্লকের কৃষকদের কাছে মোসলেম মোল্লার সার বিক্রি করার কথা। ওই এলাকায় তাঁর কোনো বিক্রয়কেন্দ্র বা গুদাম পাওয়া যায়নি।
২ অক্টোবর বোয়ালিয়ায় কৃষি কর্মকর্তা মোত্তালিব হোসেনের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মোসলেম মোল্লার সারের আগামনী বার্তা পেয়েছেন। তাঁর সার কোথায়—জানতে চাইলে তিনি বলেন, পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় তাঁর বিক্রয়কেন্দ্র ও গুদাম রয়েছে। নিয়ম অনুযায়ী নগরের মেহেরচণ্ডী ও বনগ্রাম ব্লকে তাঁর গুদাম ও বিক্রয়কেন্দ্র থাকার কথা। তার পরও উপজেলা কৃষি কর্মকর্তা মোত্তালিব হোসেনের সঙ্গে কাটাখালী বিক্রয়কেন্দ্র ও গুদামে গিয়েও সেই সার পাওয়া যায়নি।
মোসলেম মোল্লার দাবি, তাঁর আরেকটি গুদামে সার আছে। গেলে দেখাতে পারবেন। তাঁর একজন প্রতিনিধির সঙ্গে পাঠালেন। তিনি এই প্রতিনিধিকে বলেন, তাঁরা যেকোনো সময় ২০০ বস্তা সার দেখাতে পারেন। নিয়ম অনুযায়ী সার মজুত করা নিষেধ, তাহলে কীভাবে ২০০ বস্তা সার দেখাবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘বিক্রি হয় না। তাই রেখে দিই।’ কৃষি কর্মকর্তা ও এই প্রতিবেদককে তিনি নিয়ে গেলেন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়েনের চৌমহনী বাজারে। বাজারের মেসার্স সালেহা শাহ মহম্মদ বাণিজ্যিক ভবনের নিচতলায় সাইনবোর্ডহীন একটি কক্ষের বাইরের জানালা দিয়ে মুঠোফোনের আলো ফেলে কিছু সার দেখালেন। কক্ষে কোনো সাইনবোর্ড নেই। ভেতরের বস্তার গায়ে ময়লা মাটি লেগে আছে। পুরোনো সার বলেই মনে হচ্ছিল। তবে মোসলেম উদ্দিনের প্রতিনিধি দাবি, আনার সময় ময়লা লেগেছে।
পরে স্থানীয় লোকজন জানান, যিনি কৃষি কর্মকর্তার সঙ্গে এসেছিলেন, তিনি মোসলেম মোল্লার ছেলে মোস্তাক হোসেন। তাঁর নামে আলাদা ডিলারশিপ রয়েছে, নাম মোস্তাক অ্যান্ড ব্রাদার্স। শুধু তা-ই নয়, তাঁর স্ত্রী আফরোজা বুলবুল রেখার নামেও মেসার্স মুন্টি ট্রেডার্স নামে ডিলারশিপ রয়েছে। তাঁরা দুজন চারঘাট উপজেলার সরদা ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নের ডিলার।
নোয়াপাড়ার ব্যবসায়ীদের সূত্র জানায়, তাঁরাও সেপ্টেম্বর মাসের বরাদ্দ বিক্রি করে দিয়েছেন।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মনজুরে মাওলা বলেন, তিনি এখনো এই দুই প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের সারের আগমনী বার্তা পাননি।
আরও কয়েকটি উপজেলা কৃষি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সব ডিলার এখনো সেপ্টেম্বর মাসের আগামনী বার্তা জমা দেননি। অথচ রাজশাহী থেকে পাঠানো চাহিদার বিপরীতেই এই বরাদ্দ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের বরাদ্দ আবার চলে এসেছে।
এ ব্যাপারে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের অভিযোগ আগে পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।’ সেপ্টেম্বরের সার এখনো আনা হয়নি কেন—জানতে চাইলে তিনি বলেন, নিয়ম করা হয়েছে এক মাস পরেও আনা যাবে। তাহলে সেপ্টেম্বরের সার কৃষক কোথায় পাবেন, এর জবাবে তিনি বলেন, কৃষক তো চাইছেন না। তাহলে কেন সার বরাদ্দ দিয়েছিলেন, এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।