ভর্ৎসনাতেই প্রাণ গেল ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনি ও শ্রাবণী। ওরা দুজনই দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। একই সঙ্গে স্কুলে যায়-আসে। বাড়িও পাশাপাশি। সমস্যা একটাই—মুঠোফোনে ‘হৃদয়ঘটিত’ একটি খুদেবার্তা (এসএমএস)। এটি শ্রাবণীর মুঠোফোন থেকে গিয়েছিল জনির ফোনে।
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনির পরিবার। এর রেশ ধরে শ্রাবণীকে দুই দফা মারধর এবং ‘খারাপ’ মেয়ে বলে গালমন্দ (ভর্ৎসনা) করা হয়। এতে ক্ষোভে-দুঃখে শেষমেশ শিশুটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাই করে বসে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের আত্রাই নদের তীর ঘেঁষে শ্রাবণীর বাড়ি। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় সবার অজান্তে আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ গতকাল বুধবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাত সাড়ে আটটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শ্রাবণীর দাফনের কাজ চলছিল।
গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে গেলে শ্রাবণীর নানি সাজেদা বেগম জানান, মাস খানেক ধরে জনি তার মুঠোফোন থেকে অশ্লীল কিছু লিখে তাঁর নাতনিকে (শ্রাবণী) ২০টির মতো খুদেবার্তা পাঠায়। এতে শ্রাবণী সায় দেয়নি। একপর্যায়ে জনির অনুরোধের পরিপ্রেক্ষিতে শ্রাবণী ফিরতি খুদেবার্তা পাঠায়। সেটাও সপ্তাহ খানেক আগে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জনির মা জমেলা বেগম, বাবা আবুজল ও জ্যাঠাতো ভাই লালন মিয়া।
ওই ঘটনার জের ধরে গত সোমবার দুপুরে ও মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রাবণীকে শারীরিকভাবে মারধর ও অশ্লীল ভাষায় ভর্ৎসনা করেন জনির পরিবারের সদস্যরা। ক্ষোভে-দুঃখে মঙ্গলবার নানির ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রাবণী।
তবে শ্রাবণীর মা সংজ্ঞাহীন থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রাবণীর এক আত্মীয় জানান, শ্রাবণীর বাবা শহিদুল ইসলাম একটি মামলায় গ্রেপ্তার হয়ে সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন। শ্রাবণীর মা তানিয়া বেগম ছোট দুই ছেলে শান্ত, সম্রাট এবং মেয়ে শ্রাবণীকে নিয়ে তাঁর মায়ের বাড়িতে থাকেন। খুব কষ্টে চলছিল তাঁদের সংসার।
শ্রাবণীর জেঠা সাইদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে গতকালই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফের জেঠাতো ভাই আবদুল মান্নানের বাড়িতে সমঝোতা বৈঠক হয়। এতে চেয়ারম্যানের ভাই আক্কাস আলী সভাপতিত্ব করেন। এ ছাড়া স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আক্কাস আলী বলেন, বৈঠকে শ্রাবণীর দাফন ও কুলখানি উপলক্ষে ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে।
এদিকে জনির মা জমেলা বেগম দাবি করেন, জনিকে খুদেবার্তা দেওয়ায় শ্রাবণীর মাকে বলা হয়েছিল। তবে মারধর বা ভর্ৎসনা করা হয়নি। তা ছাড়া হৃদয়ঘটিত সম্পর্ক করার মতো বয়সও জনির হয়নি। তাদের ভবিষ্যৎ ভেবেই শ্রাবণীর পরিবারকে সতর্ক করা হয়েছিল। পরিস্থিতি এমন হবে, সেটা কল্পনায় আসেনি।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, শ্রাবণীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তবে শ্রাবণীর পরিবার থেকে আত্মহত্যায় প্ররোচনার জন্য কাউকে অভিযুক্ত করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।