ভল্ট থেকে কোটি টাকা চুরির সময় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঠাটারি বাজারে জনতা ব্যাংকের শাখা থেকে প্রায় এক কোটি টাকা চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন উপস্থিত লোকজন। তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাঁর সঙ্গীরা পালিয়ে গেছেন।

আটক ব্যক্তির নাম মো. ইউনুস (২৮)। তাঁর বাড়ি পুরান ঢাকার ধোলাইখাল এলাকায়।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে পাঁচ-ছয়জনের একটি দল ছদ্মবেশে জনতা ব্যাংকের ঠাটারি বাজার শাখায় যায়। তাঁরা ব্যাংকের ভেতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। এঁদের মধ্যে ইউনুস কৌশলে ক্যাশ কাউন্টারের ভেতর দিয়ে প্রবেশ করে ভল্ট থেকে ১০০০ টাকার ১০০টি বান্ডিল চুরির চেষ্টা করেন। এ সময় তাঁকে উপস্থিত লোকজন ধরে ফেলেন। টের পেয়ে দলটির অন্য সদস্যরা পালিয়ে যান।

আটক ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলে থানায় নিয়ে গেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) অখিল চন্দ্র সরকার।

জনতা ব্যাংক ঠাটারি বাজার শাখার ম্যানেজার মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।