ভল্টের চাবি নিয়ে কর্মকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান রেঞ্জের সরকারি ভল্টের চাবি নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভল্টটি সিলগালা করে রেখেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান গত বছরের ৪ ডিসেম্বর জুড়ী-১ রেঞ্জে যোগদান করেন। ২০০৯ সালের দিকে তিনি কুড়িগ্রাম বন বিভাগে কর্মরত ছিলেন। এ সময় সেখানকার ধরলা নদীর চরে সামাজিক বনায়নে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি তাঁকে শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানিয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে চিঠি পাঠায়। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায়কে জুড়ী-১ রেঞ্জে অতিরিক্ত দায়িত্ব দেয়। গত ২৭ এপ্রিল বলরাম রায় জুড়ী-১ রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু ওই দিন মোখলেসুর রহমানকে রেঞ্জ কার্যালয়ে পাওয়া যায়নি। একপর্যায়ে খোঁজাখুঁজি করে ভল্টের চাবিও মেলেনি। ভল্টের ভেতরে রাজস্ব আয়ের সাত-আট লাখ টাকা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একজন কর্মকর্তা জানান, রাজস্ব আদায়ের পরপরই তা চালানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়ার নিয়ম। এ ক্ষেত্রে মোখলেসুর রহমান তা করেননি।
জুড়ী-১ রেঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা জুড়ী-২ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে জানান, চাবি না পেয়ে তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার মোখলেসুরের মুঠোফোনে কল করেন। কিন্তু তিনি (মোখলেসুর) ফোন ধরেননি। পরে ভল্টটি সিলগালা করা হয়। সিলেটের ডিএফও দেলোয়ার হোসেন বলেন, মোখলেসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এই প্রতিবেদক মোখলেসুর রহমানকে মুঠোফোনে পান। মোখলেসুর দাবি করেন, তিনি বিভাগীয় একটি মামলাসংক্রান্ত কাজে চট্টগ্রামের রাঙামাটি যান। এ সময় ডিএফও মুঠোফোনে তাঁকে বাধ্যতামূলক অবসরের বিষয়টি জানান। এর পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দু-এক দিনের মধ্যে জুড়ীতে ফিরবেন বলে তিনি জানান। ভল্টে রাজস্বের টাকা রাখা আছে বলেও তিনি দাবি করেন।