একমাত্র ভাই আত্মঘাতী, পরিবারে বিপর্যয়
একমাত্র ছেলের আত্মঘাতী হওয়ার খবর শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন চট্টগ্রামের এক মা। তাঁর ছেলে নিয়াজ মোরশেদ রাজা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়তে ২০১৫ সালের মার্চ মাসে কাউকে কিছু না বলে ঘর ছাড়েন। ওই বছরের অক্টোবর মাসে সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে মারা যান নিয়াজ।
তবে ছেলের মৃত্যুর খবর গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেনেছেন মা। এরপর থেকেই তিনি শয্যাশায়ী। তাঁর মানসিক সমস্যা দেখা দিয়েছে। নিয়াজের তিন বোন দেড় বছর ধরে মায়ের কাছে ভাইয়ের মৃত্যুর খবর গোপন রেখেছিলেন। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে আসা উচ্চশিক্ষিত নিয়াজের জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়া এবং আত্মঘাতী বিস্ফারণে নিহত হওয়ার ঘটনায় পুরো পরিবারেই নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। দুঃসহ যন্ত্রণায় কাটছে তাদের প্রতিটি দিন।
নিয়াজের মেজ বোন জান্নাতুল মাওয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভাইয়ের মৃত্যুসংবাদ আমরা বছর দেড়েক চেপে রেখেছিলাম। মাকে বলেছিলাম, ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়ায় আছে ও। খুব ব্যস্ত। কাজ সেরে ফিরে আসবে।’ তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে বিভিন্ন গণমাধ্যমে ভাইয়ের মৃত্যুসংবাদ প্রকাশিত হয়। তখন তিনি সিদ্ধান্ত নেন, মায়ের কাছে ভাইয়ের মৃত্যুসংবাদ আর চেপে রাখা যাবে না। কিন্তু মাকে খবরটি জানানোর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।
ইন্টারনেটে সন্ত্রাসবাদী গোষ্ঠীর তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইট গত ১৪ মার্চ সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলাকারী নিয়াজের একটি ভিডিও প্রকাশ করে। এরপরই নিয়াজের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট নিয়াজ। হাইস্কুলে পড়ার সময় নিয়াজ তাঁর বাবার সঙ্গে জাম্বিয়া চলে যান। সে দেশে একটি ব্যাংকের উচ্চপদে চাকরি করতেন তাঁর বাবা। জাম্বিয়াতেই ‘ও’ লেভেল পাস করেন নিয়াজ। এরপর বাবার সঙ্গে আবার চট্টগ্রামে ফিরে আসেন। নগরের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ‘এ’ লেভেল পাস করার পর আবার অস্ট্রেলিয়ায় চলে যান নিয়াজ। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন ও তথ্যপ্রযুক্তিতে ডিগ্রি নিয়ে দেশে ফেরেন তিনি।
জান্নাতুল মাওয়া বলেন, দেশে ফিরে তাঁর বাবা ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের বড় পদে যোগ দেন। ২০১১ সালে তিনি মারা যান। ওই বছরই নিয়াজ দেশে ফিরে আসেন, বিয়ে করেন। তিনি বলেন, নিয়াজ আধুনিক ছেলে ছিলেন। একসময় ধর্মের দিকে ঝুঁকে পড়েন। তাঁর মধ্যে অস্বাভাবিক কিছু দেখেননি তাঁরা।
জান্নাতুল আরও বলেন, ২০১৫ সালের মার্চ মাসের শুরুর দিকে কোনো এক শুক্রবারে নামাজ পড়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি নিয়াজ। কোথাও ভাইয়ের খোঁজ না পেয়ে ঢাকার বাড্ডা থানায় তাঁরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিছুদিন পর ভিন্ন একটি মাধ্যমে তাঁরা শোনেন, নিয়াজ সিরিয়ায় আইএসের সঙ্গে আছেন। একই বছরের অক্টোবর মাসের কোনো এক দিন দুপুরে সিরিয়া থেকে এক যুবকের ফোন পান তাঁরা। ওই যুবক ইংরেজিতে জানালেন, নিয়াজ কোনো এক মিশনে বিস্ফোরণে মারা গেছেন। এই মৃত্যুসংবাদ কাউকে জানাননি তাঁরা। এমনকি তাঁর মাও জানতেন না। শুধু তাঁরা তিন বোন জানতেন। তিনি বলেন, ‘কিন্তু কাউকে বলার মতো পরিবেশ পাইনি। কষ্টগুলো আমরা চেপে রেখেছিলাম।’
জান্নাতুল বলেন, ‘আমাদের পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। আমরা তিন বোন। একমাত্র ভাইয়ের স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল। ওর ছোট দুটি মেয়ে আছে। ওদের কথা আর কী বলব? মায়েরও সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এভাবেই চলছে আমাদের।’
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নিয়াজ ব্যবসা শুরু করেন। ব্যবসার কাজে প্রায় নিয়মিতই চীন ও সুইডেন যেতেন বলে জানান তাঁর চাচা ফরিদ উদ্দিন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় যাওয়ার পরই নিয়াজের মধ্যে পরিবর্তন আসে। তাঁর ধারণা, জঙ্গিদের সঙ্গে সেখানেই নিয়াজের যোগাযোগ হয়।
ফরিদ উদ্দিন বলেন, ‘নিয়াজ জঙ্গি হওয়ার পর একটি পরিবার কীভাবে নিঃশেষ হয়ে যায়, তা আমার বড় ভাবিকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই পরিবার থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। কারণ, জঙ্গি আর দেশদ্রোহীর মধ্যে আমি পার্থক্য দেখি না।’