মাত্র ১২ দিন পর কর্মী হিসেবে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল নূর ইসলামের (৪৫)। সেই ১২ দিন আর কাটল না। স্বজনদের মারপিটে তার আগেই পৃথিবী ছাড়তে হলো।
নূর ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনায় গত শনিবার রাতে ভাই ও ভাতিজারা মিলে নূর ইসলামকে পিটিয়ে হত্যা করেন।
নিহত নূর ইসলামের বড় ছেলে মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, তাঁদের ঘরের সঙ্গে একটি বৈদ্যুতিক মিটার সাঁটানো ছিল। তাঁর বড় চাচা নূর মোহাম্মদ গত বৃহস্পতিবার ট্রাকে করে নির্মাণসামগ্রী বাড়ির মধ্যে নিয়ে যান। এ সময় মিটারটি ভেঙে যায়। বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় তাঁর (মাহাবুব) ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনের পড়াশোনায় বিঘ্ন ঘটে। বিষয়টি বলতে গেলে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নূর ইসলাম ও নূর মোহাম্মদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ ও তাঁর ছেলেরা মিলে নূর ইসলামের গলা চেপে ধরে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে নূর ইসলাম গুরুতর আহত হন। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক অরুণ কুমার বলেন, শ্বাসরোধে নূর ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, নূর ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ২৪ ফেব্রুয়ারি তাঁর আবার সেখানে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ছেলে মাহাবুব আলম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী কুলসুম বেগম এবং চার ছেলে আতিয়ার রহমান, আবু হাসান, কবির হোসেন ও আরিফুর রহমানকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে নূর মোহাম্মদ, আতিয়ার রহমান ও আবু হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের ধরার চেষ্টা চলছে।