ভাই-ভাতিজার বিরুদ্ধে প্রবাসীকে হত্যার অভিযোগ
ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছিলেন নুর ইসলাম (৪৫)। আর ১২ দিন পর ২৪ ফেব্রুয়ারি তাঁর মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই প্রাণ হারাতে হলো তাঁকে। অভিযোগ উঠেছে, মালয়েশিয়াপ্রবাসী এই ব্যক্তিকে গতকাল শনিবার রাতে তাঁর বড় ভাই ও ভাতিজা শ্বাসরোধে হত্যা করেছেন।
নিহত নুর ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির বড় ছেলে মাহাবুব আলম (২২) জানান, বাড়িপাড়া গ্রামে তাঁদের ঘরের সঙ্গে লাগোয়া একটি বৈদ্যুতিক মিটার ছিল। গত বৃহস্পতিবার ট্রাকে করে নির্মাণসামগ্রী বাড়ির মধ্যে নিয়ে যান তাঁর বড় চাচা নুর মোহাম্মদ। এ সময় মিটারটি ভেঙে যায়। তিনি জানান, তাঁর ছোট ভাই ইমন হোসেন এসএসসি পরীক্ষা দিচ্ছে। এ কারণে বাড়িতে বিদ্যুৎ-সংযোগ থাকা খুবই জরুরি। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ নিয়ে চাচার সঙ্গে তাঁর বাবা নুর ইসলাম কথা বলতে গেলে তর্ক শুরু হয়। একপর্যায়ে তাঁর চাচা ও চাচার ছেলেরা মিলে বাবার গলা চেপে ধরে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাঁর বাবাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার জানান, পথেই নুর ইসলামের মৃত্যু হয়েছে। শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
নিহত ব্যক্তির ছেলে মাহাবুব আলম জানান, বাবা নুর ইসলাম তিন বছর ধরে মালয়েশিয়ায় থাকতেন। ২৪ ফেব্রুয়ারি তাঁর আবারও মালয়েশিয়ার যাওয়ার কথা ছিল।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে চাচা নুর মোহাম্মদ, চাচি কুলসুম বেগম, চাচার চার ছেলে আতিয়ার রহমান, আবু হাসান, কবির হোসেন ও আরিফুর রহমানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে নুর মোহাম্মদ, আতিয়ার রহমান ও আবু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।