ভাইকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশের হাত থেকে ছাড়াতে গিয়ে ২০০ ইয়াবা বড়িসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ঠাকুরতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শামীম আহমেদের চাচাতো ভাই সাইজুল ইসলাম ওরফে সুন্দর আলী (৩২) ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। এর আগেও একই অভিযোগে সুন্দর আলী আটক হয়েছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে গাজীপুরের জেলা গোয়েন্দা পুলিশ ওই গ্রামে সুন্দর আলীকে ধরতে যায়। একপর্যায়ে পুলিশ সুন্দর আলীকে আটক করে। এ খবর পেয়ে ওই ইউপি সদস্য শামীমসহ তাঁর লোকজন পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে পুলিশের হাত থেকে সুন্দর আলী পালিয়ে যান। পরে ইউপি সদস্যকে ২০০ ইয়াবা বড়িসহ পুলিশ আটক করে। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, তাঁরা দুই ভাই মিলেই এলাকায় মাদকের ব্যবসা করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ডেরিক স্টিফেন কুইয়্যা বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য আইনে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার ইউপি সদস্যসহ তাঁর চাচাতো ভাইয়ের নাম রয়েছে।