যশোরের চৌগাছা উপজেলায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে ভাইয়ের হাত-পা থেঁতলে দেওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল সোমবার দুপুরে তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের মো. জুয়েল ও আরাজি সুলতানপুর গ্রামের বাসিন্দা মো. মিকাইল। কোমরপোল গ্রামের একটি বাড়ি থেকে রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ওই দুজনকে পাশের গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর পাঁচ আসামি পলাতক।
এদিকে হামলার শিকার তুহিনের এক্স-রে প্রতিবেদন গতকাল সোমবার হাতে পেয়েছেন যশোর জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বজলুর রশীদ। সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনে তুহিনের দুই হাতের কয়েকটি আঙুল ও বাঁ পায়ের গোড়ালি ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া তাঁর চার হাত-পায়ের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার গুরুতর জখম রয়েছে।’
হামলার শিকার তুহিন ও তাঁর পরিবারের অভিযোগ, বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত শনিবার দুপুরে স্থানীয় দেবীপুর বাজারে জুয়েল, আলাউদ্দীন, মিকাইলসহ কয়েকজন তাঁকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। তবে জুয়েলের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউপি নির্বাচনে রাজনৈতিক বিরোধের জেরে তুহিনকে মারপিট করা হয়েছে।
হামলার ঘটনায় তুহিনের বাবা নুরুল ইসলাম সাতজনকে আসামি করে চৌগাছা থানায় একটি মামলা করেন। ওই মামলার পাঁচ আসামি এখনো পলাতক।