ভাইদের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বোনের মৃত্যু

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত ছোট বোন রুমা আক্তার (১৮) মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের ওয়াসেরপুর এলাকায় ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে ওয়াসেরপুর এলাকার ফজলুর রহমানের ছেলে রুকন মিয়া (৩৫) ও ইদ্রিস মিয়ার (৩২) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ছোট বোন রুমা আক্তার ভাইদের ঝগড়া থামাতে মাঝখানে এসে দাঁড়ান। তখন লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রুমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রুমা মারা যান। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই গা ঢাকা দিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান গতকাল রোববার সন্ধ্যার দিকে বলেন, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রুকন ও ইদ্রিসকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।