ভাইবোনকে কুপিয়ে আহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুর্গাপ্রসাদ গ্রামে গতকাল রোববার দুই ভাইবোনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত দুজন হলেন শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের মহসিন মিয়া ও বিউটি আক্তার। তাঁদের বাবার নাম কমল মিয়া।
আহত মহসিন অভিযোগ করেন, দুর্গাপ্রসাদ গ্রামের এরশাদ আলী ও পরশ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তিনি এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে এরশাদ আলী ও পরশ আলীর নেতৃত্বে ৮/১০ জন লোক রামদা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর বোন বিউটি আক্তার তাঁদের বাধা দিতে গেলে তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
অভিযুক্ত এরশাদ আলী মুঠোফোনে দাবি করেন, তিনি ও তাঁর লোকজন মাদক ব্যবসা ও হামলার ঘটনায় জড়িত নন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, এ ঘটনায় আহত বিউটি থানায় লিখিত অভিযোগ করেছেন।